মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৪, শনাক্ত ৯.০৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় একজন ও উপসর্গে ৩ জন মারা গেছেন।

আজ সোমবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন এবং শেরপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী।

করোনায় মৃত ব্যক্তি হলেন টাঙ্গাইল সদরের ইনসান আলী (৭২)। উপসর্গে মৃতরা হলেন: ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার মালেক খান (৫৫), গোলাপ ফুল (৫৫) এবং শেরপুর সদরের মোফাজ্জল (৭২)।

তিনি আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৫ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও, সুস্থ হয়ে ৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এ দিকে, ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৬টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ০৪ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৭২ জন, সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৯ জন এবং মারা গেছেন ২৮০ জন।