বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

স্টার বিজনেস রিপোর্ট

খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মাসুদ খানকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রণালয় চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

মাসুদ খান ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের বোর্ডে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দেন এবং ২০১৯ সালের এপ্রিলে চেয়ারম্যান হন।

তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপ বাংলাদেশের বোর্ডে প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে লাফার্জহোলসিম বাংলাদেশে ১৮ বছর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে দেশে ও বিদেশে অর্থ ও সংশ্লিষ্ট ভূমিকায় ২০ বছর দায়িত্ব পালন করেন।

তিনি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির একজন স্বতন্ত্র পরিচালকও ছিলেন।

এ ছাড়া ৪৫ বছর ধরে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশে (আইসিএবি) একজন প্রভাষক হিসেবে কর্মরত।

মাসুদ খান কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ব্যাচেলর অব কমার্স (অনার্স) ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৭৭ সালে অল ইন্ডিয়া সিএ পরীক্ষায় রৌপ্য পদক লাভ করেন।