ব্লেন্ডারস চয়েস-ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ডস

পপুলার বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল ‘ঘুমপরী’

স্টার অনলাইন রিপোর্ট

ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ পপুলার বিভাগে সেরা হয়েছে চরকির অরিজিনাল চলচ্চিত্র ‘ঘুমপরী’।

আজ শুক্রবার রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ পুরস্কার দেওয়া হয়।

জাহিদ প্রীতমের চিত্রনাট্য ও পরিচালনায় ১ ঘণ্টা ৫৩ মিনিটের এই সিনেমায় প্রচলিত প্রেমের গল্পের বাইরে গিয়ে আকাঙ্ক্ষা, স্মৃতি ও নীরব অঙ্গীকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ভালোবাসা, মায়া ও ধৈর্যের নানা জটিল দিকও উঠে এসেছে সিনেমাটিতে, যা দর্শককে নিজের আবেগ ও অনুভূতি নিয়ে নতুন করে ভাবার অবকাশ দেয়।

হুমায়ূন আহমেদের উপন্যাস ‘অপেক্ষা’ থেকে অনুপ্রাণিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র মেঘ (প্রীতম হাসান)। একসময় ব্যক্তিগত গৃহশিক্ষক হিসেবে কাজ করা মেঘ কোমায় থাকা তার সঙ্গী জ্যোতির (তানজিন তিশা) শয্যাপাশে সময় কাটায়।

মেঘের এই একঘেয়ে জীবনে পরিবর্তন আসে উষা (পারসা মাহজাবীন পূর্ণী) ফিরে আসায়। উষা মেঘের সাবেক শিক্ষার্থী, যে বহু বছর ধরে গোপনে তাকে ভালোবাসত। বর্তমানে ইন্টার্ন চিকিৎসক হিসেবে সে আবার মেঘের জীবনে আসে।

তিনটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে গল্পটি তুলে ধরা হয়েছে। দৃশ্যের বৈপরীত্য, সংযত আবহসংগীত এবং শিল্পীদের পরিমিত অভিনয়ের মধ্য দিয়ে ‘ঘুমপরী’ এগিয়ে যায়।

অপেক্ষা ও আশার মধ্যেও কীভাবে জীবনের প্রবাহ অব্যাহত থাকে, সিনেমাটিতে সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে।