এবার কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

স্টার অনলাইন রিপোর্ট

কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তৈরি ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। 

তানিম নূর পরিচালিত সিনেমাটি ৩ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। 

বাংলাদেশী সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায় প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি ও যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ‘বনলতা এক্সপ্রেস’।

সিনেমার পরিচালক তানিম নূর বলেন, ‘উৎসব দেশে-বিদেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছিল। “বনলতা এক্সপ্রেস” বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে, আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে আশা করছি।

পরিচালক উল্লেখ করেন, কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস “কিছুক্ষণ” এর কাহিনী নিয়ে নির্মাণ করায় সিনেমাটি আরও পরিপূর্ণতা পেয়েছে। 

সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘বিশ্ববাজারে আমাদের সিনেমার যে বাজার আমরা তৈরি করেছি, সেটাকে আরও উপরে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাক টু ব্যাক বা ধারাবাহিকভাবে ভালো সিনেমা মুক্তি দেওয়া। তানিম নূর “উৎসব”-এর পর “বনলতা এক্সপ্রেস” নির্মাণ করে সে কাজটি দারুণভাবে করলেন আমাদের জন্য। আশা করছি সংখ্যায় নয়, ব্যবসায়ও “উৎসব”-এর রেকর্ড ভাঙবে বনলতা এক্সপ্রেস।’

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী ও এক ঝাঁক তারকা। 

প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস। 

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।