পূজা এলেই কেন মায়ের কথা মনে পড়ে অপু বিশ্বাসের

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

ঢাকাই সিনেমার অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার নায়িকা অপু বিশ্বাস। তার অভিনীত অনেক সিনেমা ব্যবসাসফল হয়েছে এবং দর্শকদের হলমুখী করেছে। বর্তমানে কখনো সিনেমার শুটিং, কখনো বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধন, কখনো সন্তানকে সময় দিয়ে, আবার কখনো ফটোশুট করে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কিছুদিন আগে নতুন একটি সিনেমার শুটিং করতে নেপালে গিয়েছিলেন অপু বিশ্বাস। ‘শিকার’ নামের ওই সিনেমার শুটিং চলাকালে হঠাৎ বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়। শুটিং শেষ না করেই দেশে ফিরে আসতে হয় তাকে।

অন্যদিকে, তার অভিনীত ‘দুর্বার’ ও ‘সিক্রেট’ নামের আরও দুটি সিনেমার শুটিং অনেকটাই এগিয়েছে। তবে পুরোপুরি শুটিং এখনো শেষ হয়নি। তিনি আশা করছেন, বাকি কাজগুলো ধীরে ধীরে শেষ হবে।

অপু বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘১৭ অক্টোবর বগুড়া যাব একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করতে। এই কাজগুলোও আমি উপভোগ করি।’

ছবি: সংগৃহীত

পূজার ছুটিতে তিনি ঢাকায় থাকবেন। এখনো পূজা নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। তবে পূজা নিয়ে তার প্রত্যাশা অনেক। অপু বিশ্বাস বলেন, ‘পূজা মানেই আনন্দ। এবারের পূজা যেন সবাই আনন্দ নিয়ে করতে পারে। উৎসবের আমেজ যেন থাকে। কোনো ধরনের সমস্যা যেন না হয়।’

‘ছোটবেলা থেকে দেখে আসছি, সবাই সুন্দর করে পূজার দিনগুলো পার করেন। আমরাও তাই করেছি। সব সময় চেয়ে এসেছি, পূজার দিনগুলো আনন্দে কাটুক, খুশিতে কাটুক। সবাইকে পূজার শুভেচ্ছা।’

ছবি: সংগৃহীত

পূজার দিন এলেই মায়ের কথা বেশি মনে পড়ে অপু বিশ্বাসের। ‘মা নেই কয়েক বছর হলো। যখন পূজার দিন ঘনিয়ে আসে, তখনই মাকে খুব মনে পড়ে। মায়ের হাতের পায়েস আর পাব না। মায়ের হাতের পায়েসের কথা মনে পড়ে। মা স্পেশাল পায়েস রান্না করতেন। ওই দিনগুলো মধুর ছিল’, বলেন তিনি।

১১ অক্টোবর অপু বিশ্বাসের জন্মদিন ছিল। এবারের জন্মদিনের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘জন্মদিনে বড় সারপ্রাইজ ছিল আমার ছেলের কেক কেনা। সে টাকা জমিয়ে আমার জন্য কেক কিনেছে এবং জন্মদিনে সারপ্রাইজ দিয়েছে। আমি খুব আপ্লুত হয়েছি। ছেলের ভালোবাসায় আমার মনটা আনন্দে ভরে গেছে।’

ছবি: সংগৃহীত

জন্মদিন প্রসঙ্গে অপু বিশ্বাস আরও বলেন, ‘আমার পার্লারে যারা কাজ করেন, তাদের নিয়েও কেক কেটেছি। তারা আয়োজন করেছেন। তারাও আমার পরিবার। ভক্তরাও কেক কাটেন, এটা তো আরও ভালো লাগে।’

সিনেমার বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘সিনেমার জন্যই আজকের আমি। ঢাকাই সিনেমার সুন্দর দিন দেখতে চাই। আমারও অনেক পরিকল্পনা আছে সিনেমা নিয়ে। আশা করছি, আগামীতে ভালো কিছু হবে।’