জামালপুরে পেট্রোল মজুত, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
জামালপুর সদর উপজেলায় একটি ফিলিং স্টেশনে পেট্রোল মজুতের ঘটনা উদ্ঘাটন করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল থেকে সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত ‘মেসার্স জুই এন্টারপ্রাইজ’-এর সামনে বিপুলসংখ্যক মোটরসাইকেলচালক তেল সংগ্রহের জন্য ভিড় করেন। তবে প্রতিষ্ঠানটি দাবি করে, তাদের কাছে কোনো পেট্রোল মজুত নেই।
অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ১২টি ড্রামে সংরক্ষিত প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল পাওয়া যায়।
পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও পেট্রোল সরবরাহ না করায় মেসার্স জুই এন্টারপ্রাইজের ব্যবস্থাপক হালাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সরকার নির্ধারিত দামে ক্রেতাদের কাছে পেট্রোল বিক্রি করা হয়।