বিষ দিয়ে ৫ শতাধিক পাখি হত্যা, যুবককে ৫০০ টাকা জরিমানা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি ধানখেতে ছড়িয়ে দেওয়া বিষটোপ খেয়ে বিভিন্ন প্রজাতির ৫০০টির বেশি পাখি মারা গেছে। এ ঘটনায় এক যুবককে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার রাতে উপজেলার দর্শনার মাদনা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজনকে (২৫) বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকারনামায় সেই নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও ভ্রাম্যমাণ আদালতের ভাষ্য, উত্তর পরাইন মাদনা গ্রামের রাজন তার জমিতে বিষমাখা ধান ছড়িয়ে দিয়েছিলেন। ওই টোপ খেয়ে অন্তত ৫০০ পাখি মারা যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা দামুড়হুদা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই প্রশাসনের পক্ষ থেকে গ্রামে অভিযান চালানো হয়।
দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলমের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা বন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দামুড়হুদার ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে একজন ম্যাজিস্ট্রেট পাঠিয়েছিলেন। ‘তবে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিপুলসংখ্যক মৃত পাখি সরিয়ে ফেলা হয়।’