১ বছরে দুবাই বিমানবন্দরে সাড়ে ৯ কোটি যাত্রীর নতুন রেকর্ড

স্টার অনলাইন ডেস্ক

এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৫ সালে ৯ কোটি ৫২ লাখ যাত্রীর পদচারণায় মুখর হয় মধ্যপ্রাচ্যের ওই বিলাসবহুল বিমানবন্দরটি। 

আজ বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 
আন্তর্জাতিক যাত্রী বিবেচনায় বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এটি। ডিএক্সবি নামেও পরিচিত বিমানবন্দরে যাত্রীর সংখ্যা ২০২৪ সালের তুলনায় তিন দশমিক এক শতাংশ বেড়েছে। 

শুধু ডিসেম্বরেই ৮৭ লাখ যাত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সেবা নেন। এটিও একটি নতুন রেকর্ড।

বিমানবন্দরের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘সক্ষমতার সর্বোচ্চ সীমায় থেকেও দুবাই বিমানবন্দর ধারাবাহিকভাবে অসামান্য কর্মদক্ষতার নিদর্শন তৈরি করে যাচ্ছে।’

২০২৬ সালে যাত্রীর সংখ্যা বেড়ে প্রায় ১০ কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাষ দিয়েছেন বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফিথস।

দুবাইর শহরতলীতে ২০১৩ সালে আল মাখতৌম আন্তর্জাতিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। 

বর্তমানে দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (ডিডব্লিউসি) নামে পরিচিত ওই বিমানবন্দরটি সীমিত আকারে ফ্লাইট পরিচালনা করে। 

ভবিষ্যতে এটাই হবে দুবাইর মূল বিমানবন্দর। ডিএক্সবির ফ্লাইট ও যাত্রীদের সেখানে ২০৩২ সাল নাগাদ স্থানান্তর করার লক্ষ্যে বড়সড় এক প্রকল্প হাতে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

গত অক্টোবরে পল গ্রিফিথস জানান,  ডিএক্সবির কার্যক্রম স্থানান্তরের আগেই যাত্রীর সংখ্যা বেড়ে ১১ কোটি ৫০ লাখ ছুঁতে পারে। 

আল মাখতৌম বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে খরচ হচ্ছে সাড়ে তিন হাজার কোটি ডলার। প্রকল্প শেষে ওই বিমানবন্দরটি বছরে ১৫ কোটি যাত্রী সামলাতে পারবে। আগামী ১০ বছরের মধ্যে বিমানবন্দরটি ঐ সক্ষমতায় পৌঁছাবে। 

পরবর্তীতে তা বেড়ে ২৬ কোটি হবে। 

আফ্রিকা, এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগ স্থাপনের কেন্দ্র হিসেবে বিবেচিত দুবাই। তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে শহরটি সুপরিচিত। 

পর্যটক সংখ্যার দিক দিয়েও ২০২৫ সালে বাজিমাৎ করেছে দুবাই। 

প্রাসাদোপম, সুউচ্চ অট্টালিকা ও সমুদ্রতটের বিলাসবহুল রিসোর্টের টানে গত বছর ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার পর্যটক দুবাই ভ্রমণ করেন। ২০২৪ সালের তুলনায় পর্যটকের সংখ্যা পাঁচ শতাংশ বেড়েছে।

 গত সপ্তাহে দুবাই-এর অর্থনীতি ও পর্যটন দপ্তর এই তথ্য জানায়।