উপসাগরীয় অঞ্চলে আটকা প্রায় ৩৫ হাজার নাবিক ও যাত্রী

স্টার অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। আরও আটকা আছেন বিভিন্ন জাহাজে থাকা ১৫ হাজার যাত্রী।

জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজের বরাতে আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

মহাসচিব বলেন, ‘নাবিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত আইএমও।’

আইএমওর তথ্য অনুযায়ী, গত শনিবার যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলে থাকা বিভিন্ন জাহাজে অন্তত ৭টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

এ হামলাকে মানবিক সংকট উল্লেখ করে ডোমিঙ্গেজ বলেন, ‘নিরীহ নাবিকদের ওপর কোনো হামলাই গ্রহণযোগ্য নয়।’

এ সময় তিনি উপসাগরীয় অঞ্চলে চলাচলের সময় সব শিপিং কোম্পানিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। 

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি এক প্রকার বন্ধ করে দিয়েছে ইরান। 

বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সরবরাহ করা হয়।