পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ, হরমুজ সচলে ৩৫ দেশের বৈঠক আজ

স্টার অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালিতে ইরানের চলমান অবরোধের কারণে পারস্য উপসাগরে আটকা পড়েছে অন্তত দুই হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ। এর মধ্যে তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার ৩২০টির বেশি।

এ অবস্থায় হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৫ দেশের সঙ্গে জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। 
আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলারের বরাতে আরব নিউজ জানায়, পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোর মধ্যে ১২টি বড় গ্যাসবাহী জাহাজ ও ৫০টি বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ রয়েছে।

স্বাভাবিক সময়ে প্রতিদিন হরমুজ দিয়ে অন্তত ১২০টি জাহাজ চলাচল করলেও গত দুই দিনে মাত্র ছয়টি জাহাজ প্রণালি পার হয়েছে বলে জানিয়েছে কেপলার।  

প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে কেবল সীমিত ও কঠোরভাবে নিয়ন্ত্রিত যান চলাচল অব্যাহত রয়েছে। ইরান উপকূলের লারাক দ্বীপের কাছে নির্ধারিত একটি করিডোর দিয়েই কেবলমাত্র জাহাজগুলোকে প্রণালি পার হওয়ার সুযোগ দিচ্ছে তেহরান।

জাহাজ চলাচল নিয়ে আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণকারী সংস্থা লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, গত সপ্তাহ থেকে এ পর্যন্ত ৪৮টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। আর এসব জাহাজের বেশিরভাগই ইরান ও তার মিত্র দেশের।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘তেহরান টোল বুথ’ এর মাধ্যমে প্রণালি পারাপারের জন্য জাহাজ প্রতি সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত ফি আদায় করছে ইরান।

তবে মালয়েশিয়ার মতো মিত্র দেশের জাহাজের ক্ষেত্রে এই ফি মওকুফ করা হতে পারে বলে জানিয়েছে তেহরান।

মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পেট্রোনাস, সাপুরা এনার্জি ও এমআইএসসি’র মালিকানাধীন কয়েকটি ট্যাংকার পারাপারের অনুমতির অপেক্ষায় রয়েছে।

আরেক মিত্র দেশ চীন জানিয়েছে, সমন্বয়ের মাধ্যমে তাদের অন্তত তিনটি জাহাজ সম্প্রতি প্রণালি অতিক্রম করেছে।

এছাড়া একটি গ্রিক পরিচালিত সৌদি তেলবাহী ট্যাংকার ও ভারতীয় পতাকাবাহী কয়েকটি এলপিজিবাহী জাহাজও প্রণালি পার হয়েছে।

পাকিস্তান জানিয়েছে, হরমুজ প্রণালি পার হয়ে গতকাল বুধবার করাচি বন্দরে পৌঁছেছে তাদের একটি তেলবাহী জাহাজ। আগামী সপ্তাহগুলোতে আরও চালান পৌঁছানোর আশা করছেন তারা।

এদিকে হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাজ্য।

রয়টার্স জানায়, সংকট মোকাবিলায় ৩৫টি দেশের সঙ্গে জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য।

আজ বৃহস্পতিবার ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতসহ ৩৫টি দেশের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল নিরাপদ ও স্বাভাবিক করার উপায় নিয়ে আলোচনা হবে।

তবে, যুক্তরাষ্ট্র এ বৈঠকে যোগ দিচ্ছে না বলে জানিয়েছে রয়টার্স।