ভারতের আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

স্টার অনলাইন ডেস্ক

ভারতের আসাম রাজ্যে সুখোই এসই-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং বৃহস্পতিবার আসামের কার্বি আংলং এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি জোড়হাট শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।

দেশটির বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

বিমানবাহিনী এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, সুখোই–৩০ দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর নিহত হয়েছেন। ভারতীয় বিমানবাহিনীর সব সদস্য শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, সুখোই এসই-৩০ এমকেআই দুই আসনের বহুমুখী দীর্ঘপাল্লার যুদ্ধবিমান। এটি তৈরি করেছে রুশ কোম্পানি সুখোই। পরে ভারতের হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডের লাইসেন্সের অধীনে ভারতীয় বিমানবাহিনীর জন্য তৈরি করা হয়।

বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে ২৬০টির বেশি সুখোই এসই-৩০ এমকেআই আছে।

এর আগে ২০২৪ সালের জুনে নাশিক জেলায় এবং ২০২৩ সালের জানুয়ারিতে গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর সুখোই–৩০ যুদ্ধবিমান দুর্ঘটনায় কবলে পড়েছিল।