সৌদিতে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২

স্টার অনলাইন ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-খার্জ শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ও অপরজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। 

আজ সোমবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও সৌদি গণমাধ্যম সৌদি গ্যাজেট।  

বেসামরিক সুরক্ষা দপ্তরের মুখপাত্র জানান, রোববারে আবাসিক কমপাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ওই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়। 

অপর ১২ ব্যক্তি এই হামলায় আহত হয়েছেন। 

এক্সে দেওয়া পোস্টে বেসামরিক সুরক্ষা দপ্তর ইরানের নাম উল্লেখ করেনি। ক্ষেপণাস্ত্র বা মিসাইলের কথা উল্লেখ না করে ‘সামরিক প্রক্ষেপক’ শব্দটি ব্যবহার করা হয়েছে। 

তবে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) এর আগে জানিয়েছিল, তারা আল-খার্জ সহ সৌদি আরবের অন্যান্য শহরের রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালাবে। 

উল্লেখ্য, আল-খার্জ শহরেই যুবরাজ সুলতান বিমানঘাঁটির অবস্থান। ওই স্থাপনায় দীর্ঘদিন ধরে মার্কিন বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর পাল্টা হামলা হিসেবে এই বিমানঘাঁটি তেহরানের নিরবচ্ছিন্ন হামলার শিকার হয়েছে। 

Al-Kharj
যুবরাজ সুলতান বিমানঘাঁটি। স্যাটেলাইট ছবি: রয়টার্স 

 

আল জাজিরার দোহা সংবাদদাতা লরা খান জানান, ক্ষেপণাস্ত্রটি একটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা সেবাদাতা প্রতিষ্ঠানের আবাসিক ভবনে আঘাত হানে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর জরুরি সেবাদাতারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা সরকারের অনুমোদন দেওয়া প্রক্রিয়া অনুযায়ী কাজ শুরু করেন। 
মুখপাত্র জানান, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। 
এর আগে আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত ইরানের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘আরব লিগের সদস্য দেশগুলোর ওপর বেপরোয়া হামলা চালাচ্ছে ইরান।’