যুদ্ধ বন্ধে পাকিস্তানে ‘খুব শিগগির’ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান: জার্মানি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান ‘খুব শিগগির’ পাকিস্তানে আলোচনায় বসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল।
আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগ হয়েছে এবং সরাসরি বৈঠকের প্রস্তুতিও নেওয়া হয়েছে। সেটি খুব শিগগির পাকিস্তানে হতে পারে।’
বৈঠকের সময়সূচি ইতোমধ্যে নির্ধারিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, তার সরকার তুরস্ক ও মিশরের সহায়তায় দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান করছে।
তবে আনুষ্ঠানিক কোনো বৈঠকের কথা এখনো নিশ্চিত করেননি তিনি।
টেলিগ্রাফ জানায়, সম্ভাব্য নতুন আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নাম সামনে আসছে। পুরো সংঘাতজুড়ে তিনি তুলনামূলকভাবে নীরব ছিলেন।
এর আগে, গত ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্পের শীর্ষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার মাত্র কয়েক ঘণ্টার মাথায় তেহরানে বিমান হামলা চালানো হয়। ইরান একে ‘পেছন থেকে ছুরি মারা’ অ্যাখ্যা দিয়ে পুনরায় তাদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত সময় দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।