২০০ বোয়িং ক্রয় নিশ্চিত করল বেইজিং
সম্প্রতি চীন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ দিনের সফরে বিভিন্ন কৌশলগত ও বাণিজ্যিক বিষয় নিয়ে চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেন রিপাবলিকান নেতা।
আজ বুধবার বেইজিং নিশ্চিত করেছে, ওয়াশিংটনের কাছ থেকে তারা ২০০টি বোয়িং উড়োজাহাজ কিনবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়।
মূলত ট্রাম্পের আরোপ করা আমদানি শুল্ক কমিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে এই চুক্তিতে সম্মতি দিয়েছে চীন।
প্রায় এক দশক চীন কোনো বোয়িং উড়োজাহাজ কেনেনি। এই চুক্তির মাধ্যমে সেই বিরতির অবসান হলো।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আগামী নভেম্বরে বেইজিং-ওয়াশিংটনের ‘শুল্কবিরতির’ মেয়াদ শেষ হতে চলেছে। এই চুক্তির ফলে দুই দেশ একে অপরের পণ্য আমদানিতে শুল্ক আরোপ বন্ধ রেখেছে।
বাণিজ্য মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়েও দুই দেশ আলোচনা করছে।
বিবৃতি মতে, ৩০ বিলিয়ন ডলার মূল্যমানের পণ্যে একে অপরের বিরুদ্ধে আরোপ করা শুল্ক কমাতে একটি কাঠামো তৈরি করছেন সংশ্লিষ্টরা।
গত শুক্রবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা যেসব বিষয় নিয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন, তার কয়েকটি চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে নিশ্চিত হয়েছে।
চীন আরও জানায়, কৃষি পণ্যের বাণিজ্য বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কাজ করবে।
বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিরল খনিজের প্রবাহ স্থিতিশীল রাখতেও দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তবে কি প্রক্রিয়ায় এটা নিশ্চিত করা হবে, তা জানায়নি চীন।
এর আগে হোয়াইট হাউস গত রোববার জানিয়েছিল, চীন তাদের কাছ থেকে প্রতি বছর কমপক্ষে ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য এবং ২০০টি মার্কিন বোয়িং উড়োজাহাজ কিনবে।
সে সময় চীন বিষয়টি নিশ্চিত করেনি।

