ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না: কিম জং উন

স্টার অনলাইন ডেস্ক

নিজ প্রশাসনের উপ-প্রধানমন্ত্রীকে অর্পিত দায়িত্ব পালনে 'অযোগ্য' আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। 'ছাগল দিয়ে গরুর গাড়ি টানার' প্রায় অসম্ভব কাজের উদাহরণ দিয়ে বরখাস্ত করেছেন ওই মন্ত্রীকে।

একইসঙ্গে সকল 'অযোগ্য সরকারি কর্মকর্তার' বিরুদ্ধে অভিযানে নামার অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার ইস্পাত-কঠিন নেতা কিম।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

অত্যন্ত অনুগত ও কিমের অন্ধ অনুসারী হিসেবে বিবেচিত সরকারি কর্মকর্তাদের বিষয়ে জনসম্মুখে কিমের এ ধরনের মন্তব্য করার নজির নেই বললেই চলে।

রিয়ংসং মেশিন কমপ্লেক্স নামের একটি গুরুত্বপূর্ণ কারখানা উদ্বোধনের সময় দেওয়া বক্তব্যে কিম উপ-প্রধানমন্ত্রীকে এক হাত নেন।   

রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বক্তব্য দেওয়ার সময় তাৎক্ষণিকভাবে উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হো-কে বরখাস্ত করেন কিম। পাশাপাশি, কিম তার বক্তব্যে 'দায়িত্বজ্ঞানহীন, রুঢ় ও অযোগ্য শীর্ষ কর্মকর্তাদের' কড়া ভাষায় সমালোচনা করেন।

কিম বলেন, 'বন্ধুবর (কমরেড) ভাইস প্রিমিয়ার (উপ-প্রধানমন্ত্রী), বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে আপনি নিজেই পদত্যাগ করুন।'

'কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্যতা নেই তার', যোগ করেন কিম।

'ব্যাপারটা খুব সহজ। ছাগল দিয়ে গরুর গাড়ি চালানো যায় না। এটা আমাদের সরকারি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার ভুল', যোগ করেন তিনি।

বরখাস্ত হওয়া মন্ত্রীর কাটা ঘায়ে নুন ছিটিয়ে কিম আরও বলেন, 'স্বভাবতই, গরুর গাড়ি টানার জন্য গরু দরকার। ছাগল নয়।'

কিম প্রায়ই তার 'অলস কর্মকর্তাদের' বকাঝকা করেন। মূলত তার হাত দিয়ে আসা 'অর্থনৈতিক নীতিমালা' পালনে ব্যর্থ হলে কিমের রুদ্ররোষে পড়েন কর্মকর্তারা। তবে জনসম্মুখে তাদের সমালোচনা নজিরবিহীন বললেও খুব একটা ভুল হবে না।

সোমবার একটি যন্ত্র উৎপাদন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে কিম আরও বলেন, 'সরকারি ক্যাডাররা দীর্ঘদিন ধরে অল্পতেই হার মেনে নেওয়া, দায়িত্বজ্ঞানহীনতা ও নিস্পৃহতার মনোভাব দেখিয়ে আসছেন।'

Kim Jong Un
রিয়ংসং মেশিন কমপ্লেক্স কারখানা সরেজমিনে পরিদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন । ছবি: এএফপি

কিম বলেন, 'কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য' মন্ত্রী ইয়াং-এর ওপর ভরসা রাখতে পারেন না তিনি।

পিয়ংইয়ং-এর প্রকাশ করা ছবিতে দৃঢ়প্রতিজ্ঞ কিমকে বক্তব্য রাখতে দেখা গেছে। সে সময় কারখানার কর্মীরা সবুজ ইউনিফর্ম ও ধূসর টুপি পরে যোগ দেন। দক্ষিণের হামজিয়ং প্রদেশের একটি কারখানা সরেজমিনে পরিদর্শন করেন কিম।

উদ্বোধনের পর উত্তর কোরিয়ার মোট যন্ত্রপাতি উৎপাদনের ১৬ শতাংশই আসবে নতুন এই কারখানা থেকে। 

গত মাসে কিম তার দল থেকে সব ধরনের 'অশুভ' উপকরণ নির্মূলের অঙ্গীকার করেন।

সরকারি গণমাধ্যম জানিয়েছে, ক্ষমতাসীন দল তাদের একাধিক সদস্যের মধ্যে 'অনিয়মের' প্রমাণ পেয়েছে।