'নিরাপদ' টোকিওর ব্যস্ত সড়কে ২৭ লাখ ডলার হাতিয়ে নিলো ৩ অপরাধী

By স্টার অনলাইন ডেস্ক

নিরাপদ শহর হিসেবে জাপানের রাজধানী টোকিওর সুনাম দীর্ঘদিনের। প্রায় অপরাধ-মুক্ত শহরের কেন্দ্রে, ব্যস্ত সড়কে বিরল এক অপরাধের খবর পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি জানায়, এই ঘটনার নেপথ্যে আছে তিন অপরাধী। 

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে পর্যটকদের পছন্দের জায়গা উয়েনো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের চোখে পেপার স্প্রে (স্প্রে মেশিনের মাধ্যমে গোলমরিচের পাউডার) মেরে সাময়িকভাবে 'দৃষ্টিহীন' করে দেন অপরাধীরা। এরপর সহজেই তাদের হাত থেকে লাগেজ কেড়ে নেয় ওই তিন ব্যক্তি। 

টোকিও মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র নাম না প্রকাশের শর্তে এএফপিকে এসব তথ্য জানান।

স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, ভুক্তভোগীদের মধ্যে চীনের পাঁচ ও জাপানের এক নাগরিক ছিলেন। তারা একটি গাড়িতে কয়েকটি স্যুটকেস ওঠাচ্ছিলেন। স্যুটকেসগুলোতে মোট ৪২ কোটি ইয়েন (২৭ লাখ মার্কিন ডলার) ছিল। 

এ সময় তারা ডাকাতির শিকার হন। তবে তাদের কাছে কেন এ পরিমাণ অর্থ ছিল, সেটা নিশ্চিত করে জানা যায়নি।

ফুজি টেলিভিশনের দাবি, ওই অর্থ তারা মুদ্রা বিনিময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। তদন্তকারীদের এমন তথ্য দিয়েছেন ভুক্তভোগীরা।

এক পৃথক ঘটনায় শুক্রবার ভোরে টোকিওর হানেদা বিমানবন্দরের পার্কিং গ্যারেজে একই কায়দায় আক্রান্ত হন অপর এক ব্যক্তি।

ওই ব্যক্তির কাছে ছিল ১৯ কোটি ইয়েন। তার চোখেও পেপার স্প্রে মারেন তিন ব্যক্তি।

জাপানের সংবাদমাধ্যম টিবিএস জানিয়েছে, এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কী না, তা পুলিশ খতিয়ে দেখছে।