ঢাকার বিখ্যাত কিছু চা
ঢাকা শহর কেবল যানজট, কোলাহল আর কংক্রিটের নাম নয়—ঢাকা আসলে এক বিশাল চায়ের আড্ডা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই শহরে কোথাও না কোথাও ফুটছে কেটলি, উঠছে ধোঁয়া, জমছে গল্প। রাজনীতি, সাহিত্য, প্রেম, হতাশা—সবকিছুরই নীরব সাক্ষী এক কাপ চা। ঢাকার অলিগলি থেকে অভিজাত এলাকায় ছড়িয়ে আছে এমন কিছু চায়ের জায়গা, যেগুলো শুধু স্বাদের জন্য নয়, আবহের কারণেও আলাদা পরিচিতি পেয়েছে।
এর মধ্যে কিছু হয়তো মূলত খাবারের দোকার, যেখানকার চায়েরও আলাদা খ্যাতি আছে। আর কিছু হয়তো শুধুই চায়েরই দোকান।
স্টার হোটেল অ্যান্ড কাবাব
স্টার হোটেল অ্যান্ড কাবাব মূলত কাচ্চি, লেগ রোস্ট ও কাবাবের জন্য বিখ্যাত হলেও এখানকার চা ঢাকার খাবারসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ধানমন্ডি (পপুলার মেডিকেল কলেজের সামনে) কিংবা ঠাটারীবাজারসহ ঢাকার সব শাখাতেই খাবার শেষে এক কাপ দুধ চা যেন আনুষ্ঠানিক সমাপ্তি। ভারী খাবারের পর এই চায়ের স্বাদ আলাদা করে টের পাওয়া যায়। রাত জেগে কাজ করা মানুষ, সাংবাদিক, শিক্ষার্থী কিংবা পারিবারিক অতিথি—সবাই এখানকার চায়ের সঙ্গে জড়িয়ে আছে। স্টার কাবাবের ঘন দুধের চা কোনো বিশেষ অভিনবত্বে নয়, বরং নির্ভরযোগ্য স্বাদে জনপ্রিয়।
কাবাব বাড়ি মালাই মটকা টি স্টল
রবীন্দ্র সরোবরের চা মানেই কেবল চা নয়, একটি আলাদা পরিবেশের অংশ। ধানমন্ডি লেকপাড়ে হাঁটতে হাঁটতে হাতে গরম চা—এ দৃশ্য ঢাকার বহু মানুষের দৈনন্দিন অভ্যাস। এখানে বিভিন্ন ভ্রাম্যমাণ চা বিক্রেতার চা পাওয়া যায়—লাল চা, দুধ চা, কখনো আদা চা। সকালে ব্যায়াম করতে আসা মানুষ থেকে শুরু করে সন্ধ্যার কবিতা-পাঠক—সবার হাতে চায়ের কাপ। আর এই চাগুলোর ভেতর অন্যতম পরিচিত ‘কাবাব বাড়ি মালাই মটকা টি স্টল’-এর চা। রবীন্দ্র সরোবরে ঢুকেই কাবারের দোকানগুলোর ভেতর প্রথমেই পড়ে এটি।
সরোবরের চায়ের স্বাদ হয়তো জায়গাভেদে ভিন্ন। কিন্তু অভিজ্ঞতাটা একই রকম আবেগী।
হীরাঝিল
মতিঝিল ও এর আশপাশের অঞ্চলের মানুষের কাছে বিসিসিআই সদনের হীরাঝিল একটি পরিচিত নাম। এখানকার চা মূলত ঘন দুধের। এর জনপ্রিয়তার পেছনে এর স্বাদের ভূমিকা যেমন রয়েছে, তেমনি এর জনপ্রিয়তা তৈরি হয়েছে নিয়মিত আড্ডার কারণে। বিকেলের পর থেকে এখানে জমে ওঠে বন্ধুদের দল, স্থানীয় কর্মজীবী মানুষ, শিক্ষার্থীরা। চায়ের সঙ্গে থাকে নাশতা। হীরাঝিলের চা বিলাসী নয়, বরং এলাকার মানুষের দৈনন্দিন জীবনের অংশ। এখানেই চা হয়ে উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যম।
রাব্বানী হোটেল
মিরপুর ১০-এর ব্লক বি-তে অবস্থিত রাব্বানী হোটেল (মেইন রোডে, বাসস্ট্যান্ডের কিছুটা আগে) এই এলাকার পুরোনো খাবারের জায়গাগুলোর একটি। এখানকার চা মূলত খাবারের সঙ্গে পরিপূরক হিসেবেই পরিচিত। সকালের নাশতা কিংবা দুপুরের খাবারের পর এক কাপ চা—এই অভ্যাস বহুদিনের। রাব্বানীর চা খুব বেশি আলাদা কিছু না হলেও নিয়মিত মান বজায় রাখা ও ভালো দুধের কারণে জনপ্রিয়। পারিবারিক পরিবেশ আর পরিচিত স্বাদের কারণে এটি স্থানীয়দের আস্থার জায়গা।
প্রেসিডেন্ট রেস্তোরাঁ
গুলিস্তানের ব্যস্ততার মাঝেও স্টেডিয়াম মার্কেটের এই দোকানের চা বহু মানুষের কাছে আলাদা পরিচিতি পেয়েছে। এখানকার দুধ চা ঘন, সামান্য মালাইয়ের অনুভূতিও পাওয়া যায়। পুরোনো স্টাইলের কাপ-পিরিচ, চারপাশের কোলাহল আর দীর্ঘ আড্ডা—সব মিলিয়ে জায়গাটার আলাদা আবহ তৈরি হয়েছে। অফিসফেরত মানুষ কিংবা পুরোনো বন্ধুরা এখনো এখানে বসে গল্প করেন। এই চায়ের স্বাদ শুধু পানীয়ের ভেতর সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পুরোনো ঢাকার আড্ডা ও শহুরে স্মৃতির এক বিশেষ অনুভূতি।
আলম খাঁন টি স্টল
পুরান ঢাকার ঐতিহ্যবাহী চায়ের দোকানগুলোর মধ্যে নাজিরাবাজারের আলম খাঁন টি স্টল (বিসমিল্লাহ/বোখারী থেকে কিছুটা সামনে) আলাদা করে উল্লেখযোগ্য। বছরের পর বছর ধরে একই স্বাদ ধরে রাখাই এর বড় পরিচয়। ছোট্ট দোকান, সীমিত বসার জায়গা—কিন্তু ক্রেতার অভাব নেই। দুধ চা এখানে সবচেয়ে জনপ্রিয়। পুরান ঢাকার ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ কিংবা পথচারী—সবাই কোনো না কোনো সময় এই দোকানের চা খেয়েছে। আলম খাঁনের চা আসলে পুরান ঢাকার স্থায়িত্ব ও ঐতিহ্যের প্রতীক।
মাদানী চায়ের বাড়ি
ওয়ারীর টিপু সুলতান রোডের মাদানী চায়ের বাড়ি (বলধা গার্ডেনের বিপরীতে) মূলত এর ঘন দুধ চা আর শক্তিশালী স্বাদের জন্য পরিচিত। যারা হালকা লিকারের চা পছন্দ করেন না, তাদের জন্য মাদানীর চা যেন আদর্শ। সকালবেলা এখানে কর্মজীবী মানুষের ভিড় চোখে পড়ার মতো। চায়ের কাপ হাতে দিনের শুরু—এই অভ্যাসের সঙ্গে মাদানী চা জড়িয়ে গেছে। দোকানটি খুব সাজানো না হলেও নিয়মিত স্বাদ আর পরিচিত মুখই এর আসল শক্তি।
সজল এলাচি চা
ঢাকার চা সংস্কৃতিতে এলাচি চা এক বিশেষ ধারা তৈরি করেছে, আর মোহাম্মদপুরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন সজল এলাচি চা এর পরিচিত নাম। এলাচের সুগন্ধ এখানে চায়ের মূল আকর্ষণ। দুধ আর এলাচের ভারসাম্য এমনভাবে রাখা হয়, যাতে স্বাদ তীব্র না হয়ে আরামদায়ক থাকে। অনেকেই সাধারণ চায়ের বদলে এলাচি চা খেতে এখানে আসেন। বিশেষ করে সন্ধ্যার দিকে এই দোকানের সামনে ভিড় বাড়ে। এলাচের ঘ্রাণই অনেক সময় মানুষকে দোকানের দিকে টেনে নেয়।
পান্নু খান টি স্টোর
চা নিয়ে যারা সত্যিই আগ্রহী, তাদের কাছে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের পান্নু খান টি স্টোর (বিসমিল্লাহ কাবাব থেকে খুব কাছে) একটি আলাদা নাম। এখানে চা বানানোর প্রক্রিয়ায় যত্ন চোখে পড়ে। চা পাতা, দুধ, চিনি—সবকিছুর মাপ এখানে নির্দিষ্ট। ফলে প্রতিদিনের চায়ের স্বাদ প্রায় একই থাকে। নিয়মিত ক্রেতারা এই ধারাবাহিকতাকেই সবচেয়ে বেশি মূল্য দেন। ছোট দোকান হলেও পান্নু খানের চা ঢাকার চা-মানচিত্রে নিজস্ব অবস্থান তৈরি করেছে।
বাদশা টি স্টল
গোড়ান বাজারের পাশে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট দোকানের চায়ে আছে একেবারে রাস্তার পরিচিত স্বাদ। দুধ একটু বেশি, চিনি খানিকটা ভারী আর লিকার কড়া—এই মিশ্রণই দোকানটিকে জনপ্রিয় করেছে। বিকেলের দিকে দোকানের সামনে প্রায়ই ভিড় জমে যায়। রিকশাচালক থেকে শুরু করে কলেজপড়ুয়া—সবাইকে এখানে দেখা যায়। জায়গাটা খুব সাধারণ, কিন্তু চায়ের ভেতর এক ধরনের আন্তরিকতা আছে। ব্যস্ত শহরের ক্লান্তি থেকে কয়েক মিনিটের ছোট্ট বিরতি এনে দেয় এই দোকানের ধোঁয়া ওঠা চা।
নাসির মামার চা
গুলশানের মতো অভিজাত এলাকায় নাসির মামার চা একেবারেই ভিন্ন আবহ তৈরি করেছে। গুলশান-১ এর পোস্ট অফিসের পাশে এই দোকানের অবস্থান। করপোরেট অফিসের কর্মী, সাংবাদিক, ফ্রিল্যান্সার—সবাই এখানে চা খেতে আসে। দাম তুলনামূলক একটু বেশি হলেও চায়ের মান আর পরিবেশ সেই দামের সঙ্গে মানানসই। নাসির মামার চা মূলত দুধ চা ও লাল চায়ের জন্য পরিচিত। আধুনিক শহুরে জীবনের সঙ্গে এই চায়ের আড্ডা সুন্দরভাবে মিশে গেছে।
গ্রাম চা
গুলশানে শাহবুদ্দিন পার্কের ওখানে অবস্থিত এই দোকানটি। গ্রাম চা নামটা শুনলেই বোঝা যায়—এখানে শহরের চাকচিক্য নয়, বরং গ্রামের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা। মাটির কাপ, হালকা ধোঁয়া ওঠা দুধ চা—সবকিছুতেই এক ধরনের নস্টালজিয়া কাজ করে। যারা শহরের ভিড়ে গ্রামের স্বাদ খুঁজে পান না, তাদের জন্য গ্রাম চা এক ধরনের আশ্রয়। স্বাদে খুব বেশি নিরীক্ষা নেই, বরং সহজ-সরল মনকাড়া চা মিলবে এখানে।
ক্যাফে ফাইভ এলিফ্যান্ট
ক্যাফে ফাইভ এলিফ্যান্ট মূলত হাতিরপুল মোড়ের একটি আধুনিক ক্যাফে (রিসেন্ট ডেন্টাল হেলথের উপরের ফ্লোরে অবস্থিত), যেখানে চায়ের পাশাপাশি কফি ও হালকা খাবার পাওয়া যায়। এখানে চা পরিবেশন হয় একটু ভিন্নভাবে—পরিচ্ছন্ন পরিবেশ, নিরিবিলি বসার জায়গায়। তরুণ প্রজন্ম, লেখক বা কাজের ফাঁকে বিরতি নিতে আসা মানুষদের এখানে বেশি দেখা যায়। চায়ের মান আন্তর্জাতিক ক্যাফে সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
শরিফ মামার চা
মগবাজার ওয়্যারলেস থেকে একটু সামনেই সারিবদ্ধভাবে রয়েছে বেশ কয়েকটি চা দোকান। এর ভেতর একটি দোকান পরিচিত ‘শরিফ মামার দোকান’ হিসেবে। এই দোকানে মূলত দুধ চা, লাল চা ও মাল্টা চা পাওয়া যায়। তবে দোকানটি বিশেষভাবে বিখ্যাত গুঁড়ো দুধের চায়ের জন্য। ঘন লিকার, পরিমিত চিনি ও গুঁড়ো দুধের সমন্বয়ে শরিফ মামা গুঁড়ো দুধের চা আলাদাভাবে মনে রাখার মতো।
আরও যারা ভালো
এই তালিকার বাইরেও আরও কিছু চা দোকান আছে, যাদের চা বেশ ভালো। যেমন: বাংলাবাজারের নিউ ক্যাফে কর্নারের দুধ চা, মোহাম্মদপুর টাউন হলের নিউ জান্নাত হোটেল ও নাদিম হোটেল, তাজমহল রোডের বিশ্বাসীদের চা (বিলিভার্স টি), সলিমুল্লাহ রোডের ওমর ফারুক মামার চা, বাংলামোটর থেকে একটু সামনে সোনারগাঁও রোডের আমজাদ রেস্তোরাঁ ও আলম রেস্তোরাঁর চা, ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সামনের টঙ দোকানের চা, খিলগাঁও বাগিচা জামে মসজিদের পাশে কাজীর চায়ের দোকানের জলপাই চা, চিটাগাং বুল’স বিল্ডিংয়ের চা ওয়ালা খিলগাঁও।এছাড়া চা অ্যান্ড চিলের বিভিন্ন আউটলেটের মালাই চা, দুধ চা ও লাল চা, রাজা চা-র বিভিন্ন আউটলেটের চা এবং চা টাইমের বিভিন্ন আউটলেটের চা।


