বিদেশে উচ্চশিক্ষায় আইইএলটিএস বা ভাষা পরীক্ষাই কি সব?

নাদিয়া রহমান
নাদিয়া রহমান

বিদেশে উচ্চশিক্ষার কথা উঠলেই আমাদের অনেকের প্রথম চিন্তা আসে—আইইএলটিএসের স্কোর কত? টোয়েফল দিয়েছ? কত ব্যান্ড পেয়েছ? যেন বিদেশে পড়তে যাওয়ার পুরো পথটাই নির্ধারিত হয় শুধুমাত্র একটি ভাষা পরীক্ষার স্কোরের মধ্যে। অথচ বাস্তবতা অনেক বেশি বিস্তৃত।

হ্যাঁ, বিদেশে উচ্চশিক্ষার জন্য ভাষাগত দক্ষতা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আপনি নতুন একটি দেশে গিয়ে পড়াশোনা, গবেষণা, ক্লাসে অংশগ্রহণ এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করবেন। কেউ কেউ আবার টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিভিন্ন ভাষার শিক্ষার্থীদের পড়াবেন। তাই সবকিছুর জন্যই অন্য একটি ভাষায় দক্ষভাবে যোগাযোগ করাটা গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু আইইএলটিএস, টোয়েফল বা অন্য কোনো ভাষা পরীক্ষার স্কোর একজন শিক্ষার্থীর সম্পূর্ণ সক্ষমতার পরিচয় নয়।

বিদেশে উচ্চশিক্ষার জন্য একজন শিক্ষার্থীর একাডেমিক প্রস্তুতি, গবেষণার আগ্রহ, পূর্ববর্তী শিক্ষাগত অভিজ্ঞতা প্রয়োজন। সঙ্গে বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো, যেমন: স্টেটমেন্ট অব পারপাস বা এসওপি, রেকমেন্ডেশন লেটার, গবেষণার সম্ভাবনা এবং যে প্রোগ্রামে আবেদন করা হচ্ছে তার সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতার সামঞ্জস্য—এ সবকিছুই গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থীকে দেখা যায়, আইইএলটিএস স্কোর না আসায় তারা ধরে নেন যে বিদেশে পড়াশোনার স্বপ্ন হয়তো শেষ। কেউ কেউ আবার বছরের পর বছর শুধু ভাষা পরীক্ষার প্রস্তুতি নিতেই ব্যস্ত থাকেন।

কিন্তু প্রশ্ন হলো, একটি পরীক্ষার স্কোর কি সত্যিই একজন শিক্ষার্থীর মেধা, গবেষণার সক্ষমতা কিংবা ভবিষ্যৎ সম্ভাবনাকে পুরোপুরি প্রকাশ করতে পারে?

উত্তর হলো, ‘না’!

বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত একজন আবেদনকারীকে সামগ্রিকভাবে মূল্যায়ন করে। বিশেষ করে গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে শুধু ভাষা জানলেই হয় না। বরং গবেষণা করার সক্ষমতা, একাডেমিক রাইটিং, নির্দিষ্ট বিষয়ের জ্ঞান এবং নতুন কিছু শেখার আগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অবশ্যই এর অর্থ এই নয় যে আইইএলটিএস বা টোয়েফল অপ্রয়োজনীয়। আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রাম যদি নির্দিষ্ট স্কোর নির্ধারণ করে দেয়, তাহলে সেটি পূরণ করতেই হবে। তবে ভাষা পরীক্ষাকে একমাত্র লক্ষ্য হিসেবে না নিয়ে, এটিকে বিদেশে উচ্চশিক্ষার যাত্রার শুধুমাত্র একটি অংশ হিসেবে দেখা প্রয়োজন।

ভাষাগত দক্ষতার পাশাপাশি গবেষণা, কাজের অভিজ্ঞতা, সিজিপিএ, রেকমেন্ডেশন লেটার—এই প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এটা বলা যায় যে, বিদেশে উচ্চশিক্ষার জন্য আসলে নির্দিষ্ট কোনো ‘একক ফর্মুলা’ নেই। এটা পুরোটাই নির্ভর করে একেকজন আবেদনকারীর কাজের দক্ষতা ও একাডেমিক অভিজ্ঞতার ওপর।

তাই আইইএলটিএস এ ৭ বা ৮ পাওয়াই যদি আপনার একমাত্র লক্ষ্য হয়, তাহলে হয়তো এই পুরো যাত্রার একটি অংশই দেখছেন। বরং নিজের একেডেমিক প্রোফাইল শক্ত করুন, গবেষণার আগ্রহ তৈরি করুন, ভালোভাবে এসওপি লিখতে শিখুন। ঠিকমত জেনে নিন কোন প্রোগ্রামটি আপনার জন্য সঠিক এবং সেই ভাবে নিজের অভিজ্ঞতাগুলোকে যথাযথভাবে উপস্থাপন করুন।