ইউপিএলের বইমেলায় ৭০ শতাংশ ছাড়

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর ফার্মগেটে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রধান শাখায় চলছে মাসব্যাপী বিশেষ ক্লিয়ারেন্স সেল। আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বইমেলা চলবে।

ফার্মগেটের আরএইচ হোম সেন্টারে আয়োজিত এ মেলায় ইউপিএলের বাছাই করা বইয়ে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য প্রকাশনীর নির্বাচিত বইও পাওয়া যাচ্ছে।

ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মানসম্পন্ন বই প্রকাশের পাশাপাশি পাঠক, লেখক ও গবেষকদের যোগাযোগের কেন্দ্র হিসেবে ইউপিএলকে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইউপিএল গত ২০ বছর ধরে পাঠকদের জন্য আকর্ষণীয় ছাড়ে বাত্সরিক প্রদর্শনী করে আসছে। এরই ধারাবাহিকতায় এখানে ইউপিএল প্রকাশিত পুরোনো ও দুর্লভ কিছু বই যেমন থাকছে, তেমনি বাহ্যিক ত্রুটি বা প্রচ্ছদে দাগ থাকা কিছু আনকোরা বইও অবিশ্বাস্য মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে।’