আনোয়ারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুইজন নির্মাণ শ্রমিক মারা গেছেন।

আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ডিপাড়া এলাকায় একটি ছয়তলা নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কুষ্টিয়ার মো. সিয়াম (২৩) ও চাঁপাইনবাবগঞ্জের মো. আনিস (২৬)।

পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রাহি মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, ছয়তলা নির্মাণাধীন ভবনের সর্বোচ্চ তলার বারান্দায় দাঁড়িয়ে বাইরের দেয়ালে প্লাস্টার করছিলেন দুজন। কাজের ফাঁকে ভবনের মালিক কালু সওদাগরের সঙ্গে কথা বলার সময় পিছলে গিয়ে নিচে মাটিতে পড়ে গুরুতর আহত হন দুজন।

স্থানীয়রা দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই রাহি আরও বলেন, ‘তারা যে বারান্দায় কাজ করছিলেন সেখানে কোনো রেলিং ছিল না। কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজ করছিলেন তারা।’

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।