মিয়ানমারে পাচার হচ্ছিল ৪৮ টন ইউরিয়া সার, ট্রাকসহ আটক ৩
মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ৪৮ টন ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। এসময় ৩ জনকে আটক করা হয়।
আজ শুক্রবার ভোরে চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাইয়ের ইছাখালী ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড।
অভিযানের সময় দেখা যায় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ৪টি ট্রাক থেকে সার তোলা হচ্ছিল মাছ ধরার ট্রলারে।
তিনি জানান, এ সময় ৯৬০ বস্তায় ৪৮ টন ইউরিয়া সার, ৪টি ট্রাক ও একটি মাছ ধরার নৌকা জব্দের পাশাপাশি সন্দেহভাজন ৩ পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা সার, যানবাহন, নৌকা এবং আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।