মালদ্বীপে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নিহত

স্টার অনলাইন রিপোর্ট

মালদ্বীপের ধিগুরাহ দ্বীপে প্রবাসী শ্রমিকদের জন্য নির্মিত একটি আবাসিক ব্লকে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মালদ্বীপের পুলিশ জানায়, শুক্রবার ভোরের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। দগ্ধ আটজনকে চিকিৎসার জন্য ধিগুরাহ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। 

মালে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ আজ বিকেলে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, শফিকুল ইসলাম এবং নূর নবী সরকার।

তিনি বলেন, ‘এ মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। হাইকমিশন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফেরত আনার জন্য সংশ্লিষ্ট মালদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।”

তিনি জানান, অগ্নিকাণ্ডে আরও দুজন বাংলাদেশি শ্রমিক—জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা মালেতে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পারভেজ আরও বলেন, ‘হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।’

তিনি বলেন, ‘আহত শ্রমিকরা আইজিএম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং আমরা তাদের শারীরিক অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখছি। আমাদের মিশন তাদের এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।’

তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় হাইকমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। 

ধিগুরাহ কাউন্সিলের সভাপতি ইব্রাহিম উসমান জানান, আবাসিক ব্লকে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাটি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনাটি তদন্তের জন্য একজন চিকিৎসকসহ একটি বিশেষ তদন্ত দল ধিগুরাহে পাঠানো হয়েছে বলে জানান উসমান।