হ্যামস্ট্রিংয়ের চোটে আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ

ক্রীড়া প্রতিবেদক

ইন্দোনেশিয়ায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। সেজন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি।

গত বৃহস্পতিবার হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করার পর শনিবার কমফোর্ট হাসপাতালে ইউএসজি পরীক্ষা করান এই ২৭ বছর বয়সী রাইট-ব্যাক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।

সোমবার দ্য ডেইলি স্টারকে বিশ্বনাথ বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আজ ক্যাম্প ছেড়েছি। ফিজিও ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি সেরে উঠে মাঠে ফিরতে আমার সাড়ে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।’

এর মানে দাঁড়ায়, আসন্ন ফিফা আসিয়ান কাপে খেলা হচ্ছে না বিশ্বনাথের। কারণ ১৯ সেপ্টেম্বরই স্বাগতিক ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। নতুন কোচ টমাস ডুলির অধীনে এখন প্রায় ২৯ জন ফুটবলার অনুশীলন করছেন। শিগগিরই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি।

সেন্ট্রাল-ব্যাক হিসেবেও খেলতে পারা টাঙ্গাইলের এই ফুটবলার ২০২৪ সালের সেপ্টেম্বরে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে চোটে পড়ে প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন। এরপর গত মার্চে হ্যানয়ে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি।

একই মাসে সিঙ্গাপুরের মাটিতে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১৮ মিনিট এবং গত জুলাইয়ে ঐতিহাসিক ইউরোপ সফরে সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২৬ মিনিট খেলেছিলেন বিশ্বনাথ।

‘ক্যাম্প ছাড়ার সময় তেমন খারাপ লাগেনি। কিন্তু রিপোর্টে পেশিতে চিড় ধরার ছবি দেখে সত্যিই খুব মন খারাপ হয়েছে,’ যোগ করেছেন বিশ্বনাথ। তবে এই চোটকে খেলোয়াড়ি জীবনেরই একটা অংশ মনে করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

প্রথমবারের মতো হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে ‘এ’ গ্রুপে থাকা লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে।

‎২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে সিঙ্গাপুরের। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।