টাঙ্গাইলে বাসচাপায় ২ কিশোর নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলে দ্রুতগামী বাসের চাপায় দুই কিশোর নিহত হয়েছে।

আজ শনিবার বিকেল পৌনে ৬টার দিকে মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।

নিহতরা হলো—মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামের রুদ্র (১৪) ও সখীপুর উপজেলার লস্করচালা এলাকার ঝলক (১৮)।

গোরাই হাইওয়ে থানা পুলিশ জানায়, বিকেলে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই কিশোরের মৃত্যু হয়।

ওসি মাসুদ খান বলেন, ‘দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা মরদেহগুলো নিয়ে গেছেন। হাইওয়ে পুলিশ সেখানে আছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’