মুন্সীগঞ্জে সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

তিনি মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. মহিউদ্দিনের সমর্থক এবং স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন।

আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান।

নিহত জসিম একই এলাকার মাফিক নায়েবের ছেলে। সংঘর্ষে জসিমের বাবা মাফিক ও ভাই মশিউর রহমানও আহত হন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম রাত পৌনে ১১টার দিকে দ্য ডেইলি স্টারকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসপি বলেন, ‘আগে থেকেই ওই এলাকায় প্রতিপক্ষের সাথে দ্বন্দ্ব রয়েছে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে মাথায় কোপ দিলে জসিম আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সে মারা যায়।’

তিনি জানান, ‘দুই পক্ষই বিএনপি করে। তবে, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং যে বা যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হবে।’

এ ঘটনার পর সদ্য সংসদ সদস্য নির্বাচিত কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামানকে ফোন দিলে তিনি সাড়া দেননি।

দ্য ডেইলি স্টারকে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন বলেন, ‘সকাল থেকে কয়েকটি এলাকায় আমার লোকজনদের মেরে আহত করছে। কয়েকটি স্থানে গ্রামছাড়া করছে। সন্ধ্যায় একজন নিহতের খবর পেলাম। আমরা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করবো, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।’