ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু হত্যায় আরেক আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ৯টার দিকে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. বাবলু মিয়া (২৪) উপজেলার ডুবালিয়াপাড়ার মো. সাইফুল ইসলামের ছেলে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে পুলিশ বাবলু মিয়াকে হত্যার দিন কারখানার ফটকে লোক জড়ো করার মূল হোতা হিসেবে চিহ্নিত করেছে।

তিনি আরও জানান, ঘটনার দিন বাবলু মিয়া প্রথম কারখানার ফটকে লোক জড়ো করে স্লোগান দিয়ে জনতাকে উত্তেজিত ও একত্রিত করেছিলেন। এসময় তারা দীপু চন্দ্র দাসকে গেটের সামনে প্রচণ্ড মারধর করলে তিনি মারা যান। পরে তাদের সক্রিয় সহযোগিতায় উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে দীপুর মরদেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। 

ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা মডেল থানায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দিপু হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ১১ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।