চায়ের দাম বাকি রাখা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১২
ঝিনাইদহের শৈলকুপায় চায়ের দোকানের বিল বাকি রাখা নিয়ে তর্কের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে শৈলকুপা পৌরসভার খালের ধার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন
আহতাদের মধ্যে খালের ধার পাড়া এলাকার নায়েব আলী (৪০), রিপন হোসেন (৩০), রুবেল হোসেন (৪০), তমাল হোসেন (৪৫), আবদুর রাজ্জাক (৬৫), ঝন্টু মিয়া (৩৬), স্ত্রী শাপলা খাতুন (৩৬) ও চায়ের দোকানদার শাহজাহান আলীর (৪৫) নাম জানা গেছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রিপন হোসেন ওই এলাকার শাহজাহানের চায়ের দোকানে গিয়ে বাকিতে চা খেতে চান। দোকানে আগে থেকেই বকেয়া থাকায় শাহজাহান তাকে বাকি দিতে রাজি হননি।
এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রিপন কাঠের বেঞ্চ তুলে শাহজাহানের দিকে তেড়ে যান এবং দোকানের কাপ-পিরিচ ভাঙচুর করেন।
এ অবস্থায় শাহজাহান চিৎকার করলে তার পরিবারের সদস্যরা সেখানে আসে। এরপর রিপনের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এরপর রিপন ও শাহজাহানের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২-১৩ জন আহত হন।
আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানতে চাইলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন ডেইলি স্টারকে বলেন, 'সংঘর্ষের ঘটনায় ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।'
ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, 'বাকিতে চা বিক্রি করতে রাজি না হওয়ায় এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।'
বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।