সাতছড়ি বনে গাছ চুরির ঘটনায় গ্রেপ্তার ২
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডুমুরতলা এলাকার সেগুন বাগান থেকে গাছ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—চুনারুঘাট উপজেলার আজিমাবাদ গ্রামের মো. কুতুব মিয়া (৩৯) ও কাচুয়া গ্রামের মো. কাউছার মিয়া (৩৩)।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ তারেক নাজির দ্য ডেইলি স্টারকে জানান, গত ৭ মে দিবাগত রাতে ডুমুরতলা এলাকার বাগান থেকে দুটি মূল্যবান সেগুন গাছ চুরি করে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদী হাসান বাদী হয়ে মামলা করেন।
এরপর তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্তের পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। চুরি হওয়া কাঠ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।