হবিগঞ্জে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ধর্ষণের অভিযোগে স্থানীয় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হোসাইন আহমেদ (২৬) গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য।
আজ বুধবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোড় আদেশ দেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া দ্য ডেইলি স্টারকে জানান,
গত সোমবার রাতে হোসাইন আহমেদ এক নারীর বাড়িতে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। ওই নারীর চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় ওই নারীর মা মঙ্গলবার রাতে নবীগঞ্জ থানায় হোসাইন আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
ওসি মোনায়েম মিয়া জানান, মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
যোগাযোগ করা হলে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ রেদওয়ান আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'অভিযুক্ত হোসাইন আমাদের গজাইনপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য এবং ইউনিয়ন সভাপতি পদপ্রার্থী। ঘটনাটি শুনেছি। তদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'