৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন বিএনপির এমপির ছেলে
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।
গতকাল রোববার সজীবকে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে গত রাত রাত দেড়টার দিকে তাকে তার আত্মীয়-স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, সজীবকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে।
কী অভিযোগের ভিত্তিতে সজীবকে আটকে রাখা হয়েছিল জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, আমাদের কাছে কিছু তথ্য ছিল, সেসব বিষয় নিয়েই তার সঙ্গে কথা বলেছি।
জিজ্ঞাসাবাদটি কোনো চাঁদাবাজির অভিযোগের সঙ্গে সম্পর্কিত কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না।
তবে ডিবি প্রধান সজীবের বিরুদ্ধে আনা কোনো সুনির্দিষ্ট অভিযোগের কথা প্রকাশ করেননি। তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, তাও জানাননি।
এর আগে গত শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে ওইদিন বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয় তাকে।
সেদিন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন,সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।