পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পাবনা 

পাবনার সাঁথিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর কার্যক্রম নিষিদ্ধ এক স্থানীয় আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আব্দুস শুকুর (৪৮) রতনপুর গ্রামের রুকুম আলীর ছেলে। তিনি ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, গত শুক্রবার রাত থেকে শুকুরের খোঁজ মিলছিল না। স্বজনরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে বিষয়টি পুলিশকে জানান। এরপর অনুসন্ধানে নেমে শনিবার বিকেলে গ্রামের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করার পর মরদেহ এখানে ফেলে যাওয়া হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি আরও জানান, নিহত শুকুর আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি অতীতে নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া এলাকায় সুদের (দাদন) ব্যবসাও করতেন তিনি। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।