নুসরাত হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু
আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য বিচারিক আদালতের নথি) ও আপিল শুনানি শুরু করেছেন হাইকোর্ট।
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ১৯ বছর বয়সী শিক্ষার্থী নুসরাত ২০১৯ সালের ২৭ মার্চ তৎকালীন মাদ্রাসা অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলার যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ ওঠে। নুসরাতের মা সিরাজের বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
মামলা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোয় সিরাজের সহযোগীরা ২০১৯ সালের ৬ এপ্রিল নুসরাতকে কৌশলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। এর চারদিন পর ১০ এপ্রিল নুসরাত মারা যান। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
নুসরাত হত্যার ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর একটি আদালত সিরাজ ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত দুই নেতাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন।
মৃত্যুদণ্ড অনুমোদনের বাধ্যতামূলক প্রক্রিয়ার অংশ হিসেবে রায়ের পাঁচদিন পর ২০১৯ সালের ২৯ অক্টোবর মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। পরে দণ্ডিতরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করে খালাস চান।
এর প্রায় সাত বছর পর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। শুনানিতে মামলার নথি পড়ে শোনান ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবির ও সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা।
আগামীকালও শুনানি অব্যাহত থাকবে।

