ত্বকী হত্যা: ৩ বার সময় বাড়িয়েও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি র‌্যাব

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

আদালতের বেঁধে দেওয়া ৩০ দিনের সময় তিন দফায় বাড়িয়ে নেওয়ার পরও আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির ১০৫তম শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার প্রতিবেদন দাখিল করেননি। এমনকি নতুন করে সময়ের আবেদনও করেননি। শুনানি শেষে বিচারক নুরুল হুদা চৌধুরী আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

এর আগে, চলতি বছরের ৮ জানুয়ারি ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দিয়েছিলেন আদালত। পরে তদন্তকারী কর্মকর্তা আবেদন করে এই সময় ৩ দফা বৃদ্ধি করেন। গত ১ জুলাই তৃতীয় দফায় সময় চাইলে আদালত ১২ আগস্ট পরবর্তী তারিখ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন এই হত্যা মামলার ছয় আসামি—জামশেদ শেখ, ইউসুফ হোসেন লিটন, কাজল হাওলাদার, শাফায়েত হোসেন শিপন, ইয়ার মোহাম্মদ পারভেজ ও রিফাত বিন ওসমান আদালতে হাজিরা দিয়েছেন। তাদের মধ্যে জামশেদ শেখ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

মামলার পলাতক আসামি সুলতান শওকত ভ্রমর, সালেহ রহমান সীমান্ত ও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ।

তিনি বলেন, ‘জামিনে থাকা আরেক আসামি তায়েবউদ্দিন জ্যাকি অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি। তিনি দীর্ঘদিন ধরেই আদালতে হাজিরা দিচ্ছেন না এবং প্রতিবারই সময় চেয়ে নেন। বিষয়টি আদালতের নজরে আনা হলে তার পক্ষের আইনজীবীর আবেদন শেষবারের মতো মঞ্জুর করেছেন আদালত। পরেরবার হাজির না হলে জ্যাকির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।’