চলনবিলে ৫০ পাখি হত্যা, ৩ শিকারির কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, পাবনা

নাটোরের সিংড়ায় চলনবিল এলাকায় ৫০টি বক হত্যা করার অপরাধে তিন পাখি শিকারির প্রত্যেককে দুই মাস করে জেল ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে পাখিগুলোকে হত্যার পর বস্তায় ভরে বিক্রির অপরাধে আরও দুইজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ রাস্তায় এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন—পাকুরিয়া গ্রামের জনাব আলী (৩৮), বিলপাকুরিয়া গ্রামের কাহার (১৯) ও একই গ্রামের লিটন (৩০)। অর্থ অনাদায়ে আরও সাত দিনের জেল খাটতে হবে অপরাধীকে।

এছাড়া বস্তায় ভরে বিক্রির অপরাধে পারসিংড়া বেদেপল্লির ভ্যানচালক আবু হানিফকে (৪০) সাত হাজার ও বিলপাকুরিয়া গ্রামের হোসেন আলীকে (২১) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘চলনবিলে এই সময়ে বকের আনাগোনা বেড়ে যায়। এই সুযোগে এক শ্রেণির শিকারি বিলে ফাঁদ পেতে পাখি ধরে।’

চলনবিলে জীববৈচিত্র্য রক্ষা করতে অবৈধ পাখি শিকারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বস্তায় ভরে গোপনে শহরের পারসিংড়া বেদেপল্লিতে পাখি বিক্রি করছিল একটি চক্র। আজ সকালে ওই চক্রের সদস্য ভ্যানচালক আবু হানিফের পিছু নিয়ে জবাই করা ৫০টি বক জব্দ করা হয়।