জুলাইয়ের হত্যা মামলায় নিম্ন আদালতে জামিন পেলেন আইভী
জুলাইয়ের একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় নিম্ন আদালত থেকে আবারও জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
আজ মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ মামলার শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।
আইভীর পক্ষের আইনজীবী আওলাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের সময় রিকশাচালক মো. তুহিন (৩৬) নিহতের ঘটনায় তার স্ত্রী আলেয়া আক্তার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এ মামলায় ইতোমধ্যে বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এ প্রতিবেদনের ওপর আজ জেলা ও দায়রা জজ আদালতে শুনানি হয়।’
‘আইভী সশরীরে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত মঞ্জুর করেন’, বলেন আওলাদ হোসেন।
এ মামলায় ইতোমধ্যে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন আইভী।
আদালতে আইভীর উপস্থিতিকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে তিনবারের নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করা হয়। কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আইভী।
গত বছর ৯ মে একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী। এরপর তাকে ১২টি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
প্রায় ১৩ মাস কারাগারে বন্দি থাকার পর গত ৩ জুন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান আইভী।