নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলার বরপা এলাকায় বি আর আই ব্রাদার্স কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কারখানাটির ৭০-৮০ জন শ্রমিকের গত মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ দেয়নি। যে কারণে কারখানার দুই শতাধিক শ্রমিক কর্মবিরতি দিয়ে সড়কে নেমে আসেন।’

‘মালিকপক্ষ জানিয়েছে, ব্যাংক বন্ধ থাকায় আজ বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তারা আগামী সোমবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে,’ জানান এই পুলিশ কর্মকর্তা।