লক্ষ্মীপুরে মারামারি থামাতে গিয়ে ঘুষিতে যুবদল নেতা নিহত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে ঘুষিতে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার সাব রেজিস্ট্রি কার্যালয়ের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বেল্লাল হোসেন মিশরী (৫০) উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও পেশায় ব্যবসায়ী ছিলেন।
এদিকে অভিযুক্ত রিকশাচালক আরমানকে গ্রেপ্তার ও বিচার দাবিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করে উত্তেজিত জনতা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে রিকশা দাঁড় করানো নিয়ে বাগবিতণ্ডা থেকে মারামারিতে জড়ান দুই চালক আরমান ও কবির মোহরি। সে সময় যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যান। এতে ক্ষিপ্ত হয়ে বেল্লালকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন আরমান। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
বেল্লালের ছোট ভাই হেলাল হোসেন বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ওসি নিজাম উদ্দিন বলেন, নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।