ঢাকা-আরিচা মহাসড়কে ৪ কিলোমিটার যানজট
ঢাকা-আরিচা মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ।
আজ বুধবার বিকেল ৪টার পর থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়তে থাকে।
বিকেল সাড়ে ৫টার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্মৃতিসৌধ থেকে জাহাঙ্গীরনগর পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলছে। দেখে মনে হতে পারে যানজট। কিন্তু এমনটা না। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।'
অন্যদিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও ধীরগতি নেই বলে জানান তিনি।
আজ সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
ওসি শাহজাহান বলেন, 'এ সময়টা যাত্রীদের চাপ বেশি থাকে। তাই অনেকে ট্রাক-পিকআপ ভ্যানেও ঈদযাত্রা করছে। ঝুঁকিপূ্র্ণ হলেও মানবিক দিক চিন্তা করে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি।'