পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

স্টার অনলাইন রিপোর্ট

দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে পাঁচ দফা দাবি তুলে ধরেছে দলটি। 

গতকাল রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

বর্তমান নির্বাচন কমিশন ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে পারবে কী না, সে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম।  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া৷ ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

 

 

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের নিন্দা জানান । 

তারা দাবি করেন, এটি  স্থানীয় সরকারকে কুক্ষিগত করার উদ্যোগের অংশ। 
সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন দলের সদস্যসচিব আখতার হোসেন৷ দাবিগুলো হলো: 

  • আগামী ছয় মাসের মধ্যে সব স্তরের স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করতে হবে

  • উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ করা যাবে না।

  • প্রশাসকের পদে বসে কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না।

  • দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়া সংস্কার করা অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে।

  • অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা