ঈদের পর পরিবহন ব্যবস্থাকে নিয়মের মধ্যে আনা হবে: ডিএসসিসি প্রশাসক
ঈদের পর রাজধানীর পরিবহন ব্যবস্থাকে নিয়মের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
আজ সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সায়েদাবাদ বাস টার্মিনালে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পরিবহন সংশ্লিষ্টরা তিন মাস সময় চাওয়ায় কিছু জায়গায় সাময়িক শিথিলতা দেখানো হলেও ঈদের পর আর সেই সুযোগ থাকবে না।
এসময় পবিত্র ঈদুল আজহার দিন আট ঘণ্টার মধ্যে কোরবানির পশুর সব বর্জ্য অপসারণের ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, ঈদের দিন দুপুর দেড়টা থেকে বর্জ্য সংগ্রহের কাজ শুরু হবে এবং শেষ হবে রাত সাড়ে ৯টার মধ্যে।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদুল আজহার তিন দিনে ঢাকা দক্ষিণে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম দিনে ১৫ হাজার ৯৩৫ টন, দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন এবং তৃতীয় দিনে ৬ হাজার ২৩১ টন বর্জ্য সংগ্রহ করা হবে।
বর্জ্য অপসারণের এই বিশাল কর্মযজ্ঞে ডিএসসিসির ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেবেন। এ ছাড়া বর্জ্য পরিবহনে ট্রাক, কনটেইনার ক্যারিয়ার, পে-লোডার ও ডোজারসহ মোট ২ হাজার ১১৭টি যানবাহন নিয়োজিত থাকবে।
কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ইতোমধ্যে ৪৬ টন ব্লিচিং পাউডার, ১ হাজার ৫০ লিটার তরল জীবাণুনাশক এবং ১ লাখ ৪০ হাজার পরিবেশবান্ধব বা পচনশীল (বায়োডিগ্রেডেবল) ব্যাগ বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে ১২ ঘন্টা সময় দিয়েছেন। কিন্তু আমরা সময় নির্ধারণ করছি আট ঘন্টা। চার ঘন্টা হাতে রেখেছি। আমরা এর আগেই কাজ শেষ করতে পারব বলে আশা রাখি।
জাতীয় ঈদগাহের জামাত প্রসঙ্গে আবদুস সালাম জানান, সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে পুরুষ ও নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অজুখানা, চিকিৎসাসেবা ও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নির্ধারিত স্থানে পশু কোরবানি দিতে এবং বর্জ্যগুলো ব্যাগে ভরে রেখে পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।