পরিবহনখাতে শৃঙ্খলায় আসছে আন্তর্জাতিক মাল্টিমোডাল ব্যবস্থা: শেখ রবিউল আলম

নিজস্ব সংবাদদাতা, পাবনা

জনস্বার্থে পরিবহনখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মানের মাল্টিমোডাল ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। একইসাথে আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালুর ঘোষণাও দিয়েছেন তিনি।

আজ শনিবার পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘বিচ্ছিন্নভাবে বা একে অপরের প্রতিপক্ষ কিংবা প্রতিযোগী হয়ে পরিবহনখাতে শৃঙ্খলা আনা সম্ভব নয়। আমরা পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন সবাইকে সঙ্গে নিয়ে সমন্বয় করছি।’

তিনি বলেন, ‘সরকারের এই অভিপ্রায়ের মধ্যে কোনো বিশেষ শ্রেণিকে লালন করার সুযোগ নেই। এখানে শুধুই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।’

পাবনাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালুর বিষয়ে তিনি জানান, ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগের জন্য লোকোমোটিভ (ইঞ্জিন) ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী মাসেই নতুন রেল কোচগুলো এসে পৌঁছাবে। কোচ পাওয়ার পরপরই অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে ঢাকা-পাবনা এবং পরবর্তীতে ঢাকা-খুলনা রেল যোগাযোগ শুরু করা হবে।

আরিচা-খাসচর ফেরি ও সড়ক যোগাযোগ প্রকল্প বিষয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ইতোমধ্যে এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে। প্রকল্পের প্রাথমিক ধাপ হিসেবে সম্ভাব্যতা যাচাই এবং ডিপিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে। নৌ ও সড়ক দুই খাতের সমন্বয়ে এই প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে।’

মতবিনিময় সভায় পাবনা সদর আসনের এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের এমপি একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের এমপি আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ছুফি উল্লাহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।