লালমনিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারচিালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ শনিবার বিকেলে উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল হক (৫০) ও সিঙ্গিমারী এলাকার আব্দুল জলিল (৫২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বড়খাতা থেকে হাতীবান্ধাগামী একটি অটোরিকশাকে ট্রাকটি চাপা দেয়। এ সময় ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।
ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।