জিয়াউল আহসান থাকবেন কারাগারে, বিচার চলবে ভার্চুয়ালি: প্রসিকিউটর

স্টার অনলাইন রিপোর্ট

নিরাপত্তা শঙ্কায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচার প্রক্রিয়ায় কারাগার থেকে ভার্চুয়ালি অংশ নেবেন বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান।

এ বিষয়ে প্রসিকিউশনের করা আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন বলে আজ মঙ্গলবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম জানিয়েছেন।

তামিম জানান, সম্প্রতি জিয়াউলের জীবনঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করে একটি আবেদন করেছিল আসামিপক্ষ এবং তাকে আলাদাভাবে ট্রাইব্যুনালে না এনে অন্য আসামিদের সঙ্গে একই প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে আনার অনুমতি চেয়েছিল।

তিনি বলেন, 'প্রসিকিউশন আসামিপক্ষের সঙ্গে একমত যে নিরাপত্তা শঙ্কাকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। তবে সেই শঙ্কা যদি সত্যি হয়, তবে জিয়াউল আহসান এবং তার সঙ্গে থাকা অন্য আসামিরাও ঝুঁকিতে পড়তে পারেন।'

এ কারণে প্রসিকিউশন জিয়াউলকে ট্রাইব্যুনালে না এনে কারাগার থেকে ভার্চুয়ালি বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি দিতে ট্রাইব্যুনালকে অনুরোধ জানায় বলে জানান তামিম।

তিনি বলেন, 'ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন গ্রহণ করেছেন। ফলে কারাগার থেকে ভার্চুয়ালি বিচার কার্যক্রমে উপস্থিত হবেন জিয়াউল আহসান।'

ভার্চুয়াল বিচারকাজে অংশ নিতে কারাগারে ও ট্রাইব্যুনালের এজলাসে প্রয়োজনীয় ব্যবস্থা আছে ব্বলে জানান প্রসিকিউটর। বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের কথা শুনতে পারবেন জিয়াউল আহসান এবং এজলাসে থাকা সবাই তার কথা শুনতে পাবেন।

তামিম জানান, জিয়াউলের বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এর পরের ধাপ জেরা।

২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে ১০৪ জনকে গুম ও হত্যার অভিযোগে বিচার চলছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।