মজুরি বাড়ানোর দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

স্টার অনলাইন রিপোর্ট

মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাজারেরও বেশি শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী এলাকায় অবস্থান নেন।  

এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

‘নিত্যপণ্যের দাম কমাও, অথবা আমাদের মজুরি বাড়াও’— শ্রমিকদের এমন স্লোগান দিতে শোনা যায়।

ছবি: ফিরোজ আহমেদ

বিক্ষোভে অংশ নেওয়া পোশাকশ্রমিক শরিফা বেগম বলেন, আমাদের একটাই দাবি—হয় নিত্যপণ্যের দাম কমান, নয়তো আমাদের মজুরি বাড়ান, যেন আমরা সংসার চালাতে পারি।

আরেক শ্রমিক বলেন, নিত্যপণ্যের লাগামহীন বাড়তি দামের কারণে আমরা মানবেতর জীবনযাপন করছি। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম দুপুর সোয়া ১২টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, রাস্তা এখনো বন্ধ। শ্রমিকেরা সড়কে অবস্থান করছেন।