চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ, গুলি

স্টার অলনাইন রিপোর্ট

চট্টগ্রাম নগরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরের কাজীর দেউরি এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় নেতা-কর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ও শটগানের গুলি চালায়।

bnp-2.jpg
সংঘর্ষের এক পর্যায়ে কাজীর দেউরি পুলিশ বক্সের সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। ছবি: রাজীব রায়হান/স্টার

ঘটনাস্থলে উপস্থিত দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, আজ দুপুর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বিএনপি নেতাকর্মীরা নাসিমন ভবনে নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। উপস্থিত হন কেন্দ্রীয় নেতারা।

সেখানে সমাবেশ শুরুর কিছুক্ষণ পর কাজির দেউরি এলাকায় সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাজীর দেউরি পুলিশ বক্সের সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন।

bnp-3.jpg
সংঘর্ষ চলে দফায় দফায়। ছবি: এফ এম মিজানুর রহমান/স্টার

দফায় দফায় এ সংঘর্ষে সড়কে আধঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে।

এই মুহূর্তে সমাবেশে আসা নেতাকর্মীরা নাসিম ভবনে দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১ জনকে আটকের খবর পাওয়া গেছে।

bnp-4.jpg
সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: রাজীব রায়হান/স্টার

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।'