চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও নয় যাত্রী।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফেলাগাজী দীঘি এলাকার খাগড়াছড়ি-ফটিকছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফটিকছড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—নয়ন উড়াং (২০), উত্তম উড়াং ও তপু কর্মকার (১৭)। তারা সবাই ফটিকছড়ির বাসিন্দা।

ওসি মোহাম্মদ সেলিম বলেন, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। আহত দুই আরোহীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে নয়জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনোজ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনায় আহত বাসের চার যাত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে কারও হাত-পা ভেঙেছে, আবার কেউ মাথায় আঘাত পেয়েছেন।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন ডেইলি স্টারকে বলেন, বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।