চুয়েটে ভিসি বদল: টানা তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য (ভিসি) হিসেবে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং নতুন উপাচার্য নিয়োগের গেজেট বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

আজ বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে শিক্ষকরাও পৃথক কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনে নতুন ভিসিকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একইসঙ্গে দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

পরে শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতীক হিসেবে একটি কবুতর উড়িয়ে দেন শিক্ষার্থীরা।

অন্যদিকে নতুন গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন করেছে চুয়েট শিক্ষক সমিতিও।

চুয়েট শিক্ষক সমিতির মানববন্ধন কর্মসূচি পালন। ছবি: সংগৃহীত

পরে এক সংবাদ সম্মেলনে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘ক্যাম্পাসে নতুন ভিসি চাই না আমরা। চুয়েটের শিক্ষার্থী ও শিক্ষকদের বৃহত্তর স্বার্থ ও কল্যাণে আবু সাদাতকে পুনর্বহালের দাবি জানাচ্ছি।’

অধ্যাপক আবু সাদাতকে সরিয়ে শিক্ষা মন্ত্রণালয় গেজেটের মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে ক্যাম্পাসে এ পরিস্থিতি চলছে।