সৌদি আরবে ঈদ শুক্রবার
সৌদি আরবে হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটি আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।
আজ বুধবার গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গালফ নিউজ জানায়, বুধবার দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং তার পরদিন অর্থাৎ ২০ মার্চ ঈদ উদযাপিত হবে।
এদিকে সৌদি আরবে ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি ও অলাভজনক (নন-প্রফিট) খাতের কর্মীদের জন্য চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, ১৮ মার্চ রাত থেকে এই ছুটি শুরু হবে। সৌদি শ্রম আইনের বিধান অনুযায়ী এই ছুটি কার্যকর হবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাকি বলেন, আগেভাগে ছুটি ঘোষণা দেওয়ার উদ্দেশ্য হলো—যেন প্রতিষ্ঠানগুলো আগে থেকেই কাজের সময়সূচি ঠিক করতে পারে।
তিনি আরও জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে একদিকে গুরুত্বপূর্ণ খাতে কাজ চালু রাখা সহজ হবে, অন্যদিকে কর্মীদের ঈদের ছুটির অধিকারও নিশ্চিত হবে।