রংপুরে এনডিএফের সপ্তম বিভাগীয় বিতর্ক উৎসব

স্টার অনলাইন রিপোর্ট

‘উত্তরের সমীরণে যুক্তির আলো’ প্রতিপাদ্য নিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) আয়োজিত সপ্তম বিভাগীয় বিতর্ক উৎসব-২০২৬।

শুক্রবার রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেয়।

উৎসবে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফরম্যাটে বিতর্ক, সংসদীয় বিতর্ক, ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক, ওয়ার্ল্ড ফরম্যাট, এআই ও বিতর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। পাশাপাশি বাংলা বারোয়ারি বিতর্ক, ইংলিশ পাবলিক স্পিকিং, কুইজ ও প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়।

বাংলা সংসদীয় বিতর্কবিষয়ক অধিবেশনে বিতর্কের কাঠামো, নিয়ম, যুক্তি নির্মাণ ও কৌশল শেখানো হয়। এআইয়ের ব্যবহার, সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যতের বিতর্কচর্চায় এর প্রভাব নিয়েও আলোচনা করা হয়।

ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট ও ওয়ার্ল্ড ফরম্যাট অধিবেশনে আন্তর্জাতিক বিতর্কের বিভিন্ন ধরন, বিশেষ করে বিপি ফরম্যাটের কাঠামো, নিয়ম ও মৌলিক ধারণা তুলে ধরা হয়।

‘বিতর্কশিল্পে আবৃত্তির প্রভাব’ বিষয়ক অধিবেশনে শুদ্ধ উচ্চারণ, কণ্ঠস্বর নিয়ন্ত্রণ, বাচনভঙ্গি, আবেগ ও কার্যকর উপস্থাপনায় আবৃত্তির ভূমিকা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়া প্রদর্শনী বিতর্কে আঞ্চলিক বিতর্ক ও প্লানচেট বিতর্ক অনুষ্ঠিত হয়। আঞ্চলিক বিতর্কে নোয়াখালীর হয়ে আমিন উল্যাহ ফাহাদ, ঢাকার হয়ে আলিফ ইমরান লিমন, রংপুরের হয়ে সেলিম ইসলাম আশিক এবং যশোর অঞ্চলের হয়ে তাওহীদ হোসেন দীপ্র অংশ নেন।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে দিনব্যাপী এ আয়োজন।

উৎসবের উদ্বোধন করে এনডিএফবিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব বলেন, ‘যুক্তিবাদী সমাজ নির্মাণ হলে আমাদের অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে।’