স্বাধীন ও আর্টহাউস চলচ্চিত্র প্রদর্শনের নতুন প্ল্যাটফর্ম সিনে টুটেম
বাংলাদেশের স্বাধীন ও আর্টহাউস চলচ্চিত্রের নিয়মিত প্রদর্শনী এবং দর্শক-নির্মাতা সংযোগের নতুন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করছে সিনে টুটেম।
ঢাকাস্থ রাশিয়ান হাউজের অংশীদারত্বে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার বসবে এই চলচ্চিত্রের আসর।
আয়োজকেরা জানায়, স্বাধীন চলচ্চিত্রের জন্য নিয়মিত ও মানসম্মত প্রদর্শনী পরিসর তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। চলচ্চিত্রগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিসিপি ফরম্যাটে সাত দশমিক এক সারাউন্ড সাউন্ডে প্রদর্শিত হবে।
সিনে টুটেমের প্রথম আয়োজন হবে চলতি বছরের ২৪ ও ২৫ সেপ্টেম্বর।
২৪ সেপ্টেম্বর প্রদর্শিত হবে আর্সেন আরিস্তাকেসিয়ানের ‘দ্য মিউট’, গোলাম রাব্বানীর ‘ছুরত’, মোহাম্মদ নুরুজ্জামানের ‘মাস্তুল’ ও খন্দকার সুমনের ‘সাতাওঁ’।
২৫ সেপ্টেম্বর থাকছে মোল্লা সাগরের ‘ভবার ভিটা’, আফরোজা হোসেন সারার অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘তিমির গান’, ইভান মনোয়ারের ‘প্যাসেঞ্জার’ এবং আকাশ হকের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দি ইউনিভার্সিটি অব চানখারপুল’।
প্রতিটি প্রদর্শনীর পর চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে দর্শকদের প্রশ্নোত্তর পর্ব ও চা-আড্ডা থাকবে। এর মাধ্যমে নির্মাতা ও দর্শকদের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।